রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
শেয়ার

তিন স্তরের কঠোর পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’


family card

‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে

প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত যোগ্য পরিবারগুলোর হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে তিন পর্যায়ের কঠোর পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো প্রকৃত অভাবী মানুষ যেন এই সুবিধার বাইরে না থাকে, তা নিশ্চিত করতেই এই ‘মাল্টি-লেভেল স্ক্রিনিং’ বা বিশেষ যাচাই ব্যবস্থা চালু করা হচ্ছে। মূলত হতদরিদ্র ও অত্যন্ত দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়েই এই তালিকা তৈরি করা হবে।

মন্ত্রী আরও উল্লেখ করেন, এই কার্ডের মাধ্যমে পরিবারের নারীদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি এবং সামগ্রিক সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। বিতরণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে, যাতে স্বজনপ্রীতির কোনো সুযোগ না থাকে।

সরকারের এই উদ্যোগ সরাসরি প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডা. জাহিদ হোসেন। এই কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার ফলে যোগ্যদের অধিকার নিশ্চিত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।