রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শেয়ার

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত


liberation-war-affairs

ফাইল ছবি

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা সঠিকভাবে যাচাই এবং সংরক্ষণের পাশাপাশি মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই দেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলন বা সংগ্রামকে এক করে দেখা উচিত নয়।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইতিহাস ও চেতনার অপব্যবহারের ফলে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছানো জরুরি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের ভিত্তি—এ বিষয়টি সবার মনে রাখা প্রয়োজন।

সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্য ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।