
ফাইল ছবি
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও ১২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা দরে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি ফেব্রুয়ারি মাসে এখন পর্যন্ত মোট ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে। আর চলতি অর্থবছরে এ পর্যন্ত কেনা ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৮ কোটি ৫০ লাখ।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণার সময় গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ডলার না কিনলে টাকার মান আরও কমে যেতে পারে, যা আমদানি ব্যয় বাড়িয়ে নিত্যপণ্যের দামে চাপ সৃষ্টি করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে ডলার কেনার পাশাপাশি রিজার্ভও বাড়ানো হচ্ছে।
সবশেষ তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিন শেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।
আইএমএফের পরামর্শ অনুযায়ী গত বছরের মে মাসে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা হয়। যদিও পরে গভর্নর দাবি করেন, এটি কোনো চাপের ফল নয়; বরং বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।
কেন্দ্রীয় ব্যাংক প্রথম নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে গত বছরের ১৩ জুলাই। সেদিন ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। তখন মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, ডলারের দর অত্যধিক কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানিকারকদের ওপর প্রভাব পড়ে। তাই তাদের স্বার্থ বিবেচনায় রেখেই ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।










































