
ফাইল ছবি
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৩১ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এর মধ্যে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) একদিনে দেশে এসেছে দুই হাজার ৭৪ কোটি টাকা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল ১৯৩ কোটি ডলার, তাই এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৮ দশমিক ৪০ শতাংশ।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় হয়েছে দুই হাজার ১৯১ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে এক হাজার ৭৮৯ কোটি ২০ লাখ ডলারের তুলনায় বেশি।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির প্রভাব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভ বর্তমানে ৩০ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের প্রবণতা বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে নজরদারি জোরদার এবং প্রণোদনা অব্যাহত রাখার ফলে এই বৃদ্ধির ধারা তৈরি হয়েছে।










































