
ফাইল ছবি
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে এক হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, ঘোষণা অনুযায়ী নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিইআরসি জানায়, চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমানো হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ ঘোষণায় সেই বাড়তি দামের অংশ সমন্বয় করা হয়েছে।
এবার অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। নতুন ঘোষণায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সমন্বয়ের ভিত্তিতে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করা হয়। নতুন ঘোষণায় ভোক্তারা সামান্য স্বস্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।










































