
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থার বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে তথ্য তুলে ধরেন। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানে হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি আরও জানান, ইরান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আসা অনেক ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে ফ্লাইট বাতিলের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।



































