
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোস্তাফিজুর রহমানকে বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই দিনে জারি করা অপর একটি আদেশে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ধরনের বদলি নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ এবং পদক্ষেপটি জনস্বার্থ এবং পুলিশ প্রশাসনের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।






































