শনিবার । মে ২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৫ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

পেদ্রোর হ্যাটট্রিকে দাপুটে জয় চেলসির


pedro

ছবি: সংগৃহীত

মৌসুমের শুরুতে দারুণ সূচনার পর মাঝে কিছুটা ছন্দ হারিয়েছিলেন জোয়াও পেদ্রো। তবে সঠিক সময়েই আবারও স্বরূপে ফিরলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাঁর বিধ্বংসী হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে চেলসি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল লন্ডনের ক্লাবটি।

বুধবার (৪ মার্চ) রাতে ভিলার ঘরের মাঠে আতিথ্য নিয়ে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নেয় চেলসি। ম্যাচের শুরুতে অবশ্য স্বাগতিকরাই লিড নিয়েছিল। খেলার দ্বিতীয় মিনিটেই ডগলাস লুইজের দর্শনীয় ব্যাক-হিল গোলে এগিয়ে যায় ভিলা। তবে চেলসি সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি। ৩৫তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান পেদ্রো।

বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় গোলটি পান এই ব্রাজিলিয়ান। এনজো ফার্নান্দেজের বাড়ানো থ্রু বল ধরে এগিয়ে আসা গোলরক্ষক এমি মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। বাঁ-পায়ের দুর্দান্ত ফ্লিকে বল জালে জড়িয়ে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়ে বিরতিতে যান পেদ্রো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠা চেলসির হয়ে ব্যবধান ৩-১ করেন কোল পালমার। রিস জেমসের শট মার্টিনেজ ফিরিয়ে দিলেও ফিরতি বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি।

ম্যাচের ৬৪তম মিনিটে পূর্ণ হয় পেদ্রোর কাঙ্ক্ষিত হ্যাটট্রিক। আলেহান্দ্রো গার্নাচোর পাস থেকে ডান পায়ের শটে বল জালে পাঠিয়ে গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়ার পর নিজের প্রথম হ্যাটট্রিক উদযাপন করেন তিনি। চলতি মৌসুমে এটি তাঁর ১৪তম গোল। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয় চেলসি, যার ৯টিই ছিল লক্ষ্যে। এই জয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এলো ব্লুজরা।