রবিবার । মার্চ ৮, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৬ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ


bangladesh-north-korea

ছবি: সংগৃহীত

সিডনিতে চলমান এএফসি এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে ৫-০ গোলে হেরেছে সাবিনা-তহুরারা। পুরো ম্যাচে দাপট বজায় রেখে পিটার বাটলারের শিষ্যদের স্রেফ উড়িয়ে দিয়েছে কোরিয়ান মেয়েরা।

শুক্রবার (৬ মার্চ) সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে উত্তর কোরিয়া। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করে তারা। তাদের পক্ষে কিম ইয়ং হ্যাটট্রিক উপহার দেন।

র‍্যাংকিং ও শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা কোরিয়ানদের সামনে এদিন গোল করার তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশের বাঘিনীরা। একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে শেষ পর্যন্ত ৫টি গোল হজম করতে হয় তাদের।

র‍্যাংকিং বিবেচনা করলে এই হার খুব একটা অস্বাভাবিক নয়। ফুটবলের বিশ্ব র‍্যাংকিংয়ে উত্তর কোরিয়া যেখানে ৯ নম্বরে অবস্থান করছে, সেখানে বাংলাদেশের অবস্থান ১১২তম। অভিজ্ঞ পিটার বাটলারের অধীনে বাংলাদেশ লড়াই করার চেষ্টা করলেও শক্তির পার্থক্যের কাছে হার মানতে হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশীয় কাপের মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। নিজেদের অভিষেক ম্যাচে তারা বর্তমান ও সর্বাধিক ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে ০-২ গোলে হেরেছিল। টানা দুই হারে টুর্নামেন্টে বাংলাদেশের টিকে থাকার পথ কঠিন হয়ে পড়ল। আগামী ৯ মার্চ এশিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে।