রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শেয়ার

ইরানের হামলার ভয়ে বাঙ্কারে বিয়ে সারলেন ইসরায়েলি দম্পতি


banker-marriage

ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কের মাঝেই এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হলো তেল আবিব। মুহুর্মুহু সাইরেন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গর্জনের মধ্যেই প্রাণ বাঁচাতে মাটির নিচের এক বোমা আশ্রয়কেন্দ্রে (বাঙ্কার) বিয়ের পিঁড়িতে বসেছেন এক ইসরায়েলি দম্পতি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ নামের এই দম্পতি মূলত পেতাহ টিকভায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন। তবে ইরানি হামলার আশঙ্কায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। শেষ পর্যন্ত তারা তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে (যা বর্তমানে যুদ্ধের কারণে বাঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

মারিয়ানোফের পরিবার সুদূর আর্জেন্টিনা থেকে এই বিয়েতে যোগ দিতে আসায় তারা অনুষ্ঠান আর পিছিয়ে দিতে চাননি। অল্প সময়ের নোটিশে বন্ধু ও স্বজনদের ওই ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানানো হয়। বিয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়, যা যুদ্ধের আতঙ্কের মাঝে এক অনন্য মানবিক মুহূর্ত তৈরি করেছে।

বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি যোগ দিয়েছিলেন আরও অনেক সাধারণ ইসরায়েলি, যারা গত কয়েকদিন ধরে ওই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন। মারিয়ানোফ জানান, উপস্থিত অতিথিদের একটি বড় অংশই ছিলেন অপরিচিত মানুষ, যারা তাদের আনন্দ ভাগ করে নিতে এগিয়ে এসেছিলেন। তারা সবাই মিলে বাঙ্কারের ভেতরেই নেচে-গেয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে তোলেন।

নববধূ ল্যাসরি এই অভিজ্ঞতাকে ‘অবিশ্বাস্য’ হিসেবে বর্ণনা করে বলেন, সব প্রতিকূলতা ও যুদ্ধের বিভীষিকার মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। এটি ছিল আমাদের জীবনের সবচেয়ে আবেগঘন ও আনন্দময় মুহূর্ত। সংঘাতের এই কঠিন সময়ে অচেনা মানুষের ভালোবাসা তাদের নতুন পথ চলায় বিশেষ অনুপ্রেরণা যুগিয়েছে বলে জানান এই নবদম্পতি।