রবিবার । মার্চ ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৭ মার্চ ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
শেয়ার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪


Road accident

সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে

রাজধানীর দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে সায়েন্সল্যাব ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাবা-মেয়েও রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন তার একমাত্র মেয়ে ২৩ বছর বয়সী সিথিকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে রাত প্রায় ৯টার দিকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সায়েন্সল্যাব মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাদের মোটরসাইকেলে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিথিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই রাতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় এলাকায় আরেকটি দুর্ঘটনায় দুইজন নিহত হন। জানা যায়, হারুনুর রশিদ সানি ঈদের কেনাকাটা শেষে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি ইউটার্ন নেওয়ার সময় সড়কের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে চালক আলিম ও যাত্রী সানি গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় সানির স্ত্রী ও তার বোন গুরুতর আহত হয়েছেন এবং তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।