
সংগীতশিল্পী হায়দার হোসেন
শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেনের মৃত্যুর গুজব। ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া ফটোকার্ডও ঘুরতে দেখা যায়। এতে ভক্ত-শ্রোতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। তিনি জানান, শিল্পীর কিবোর্ডবাদকের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে—হায়দার হোসেন সুস্থ আছেন এবং বাসায় অবস্থান করছেন।
গুজব ছড়িয়ে পড়ার পর নিজেও সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন। তিনি জানান, আল্লাহর কৃপায় তিনি সুস্থ ও ভালো আছেন এবং সবাইকে তাকে দোয়ায় রাখার জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ নাম হায়দার হোসেন। কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে “৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি” এবং “আমি ফাইসা গেছি”, যা এখনও শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।






































