
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কা উপকূলে মর্মান্তিক জাহাজডুবির পর জীবিত উদ্ধার হওয়া ২০৪ জন ইরানি নাবিককে এক মাসের জন্য বিশেষ ‘ফ্রি ভিসা’ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা সরকার। দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবিকরা যাতে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত সাময়িকভাবে শ্রীলঙ্কায় অবস্থান করতে পারেন, সেজন্য এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস বুশেহর’ থেকে ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তারা শ্রীলঙ্কার কাছে জরুরি সহায়তা চেয়েছিল।
এর আগে গত বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ মার্কিন একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায়। এই ভয়াবহ ঘটনায় ৮০ জনেরও বেশি নাবিক প্রাণ হারান। শ্রীলঙ্কা নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর তারা ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সমুদ্র থেকে ৮৭টি মরদেহ উদ্ধার করেছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো সাবমেরিনের টর্পেডো হামলায় একটি আধুনিক যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বর্তমানে উদ্ধার হওয়া নাবিকরা শ্রীলঙ্কা নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন এবং খুব শীঘ্রই তাদের ইরানে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।






































