
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিয়োগ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শুধু বলেছেন, ‘আমরা দেখব কী হয়।’
টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি পারস্পরিক… কিছুটা। আমরা কথা বলছি। আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তবে সবকিছু বিবেচনায় নেওয়া হবে।’
এরআগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তার অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা দীর্ঘদিন টিকবেন না। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি একথা বলেন।
ট্রাম্প বলেন, ‘তাকে (ইরানের নতুন নেতা) আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের কাছ থেকে অনুমোদন না পান তবে তিনি বেশিদিন টিকবেন না।’
এদিকে মোজতবা খামেনির নিয়োগের সমালোচনা করেছেন রিপাবলিকান সিনেটরের লিন্ডসি গ্রাহাম। তিনি বলেন, ‘নিহত আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন নেতা হিসেবে বেছে নেওয়া ‘আমাদের প্রত্যাশিত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য নয়।’
দক্ষিণ ক্যারোলিনার এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার বিশ্বাস, সময়ের ব্যাপার, তিনিও শেষ পর্যন্ত তার বাবার মতোই পরিণতির মুখোমুখি হবেন।’
গ্রাহাম দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে অবস্থান নিয়ে আসছেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে জানায়, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ট্রাম্পকে রাজি করাতে কীভাবে লবিং করতে হবে সে বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন।







































