
ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। ছবি: সংগৃহীত
এবার তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। তবে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে এটি আকাশেই ধ্বংস করে দেয়।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের কিছু অংশ দেশটির দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ এলাকায় পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুর্কি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে তাদের সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তারা রাখেন।
তবে হামলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে জানান, গত এক সপ্তাহে ইরান থেকে কোনো সামরিক আক্রমণ চালানো হয়নি। এসব খবরকে ‘সাজানো’ উল্লেখ করে তিনি বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক নষ্ট করতেই শত্রুপক্ষ এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।









































