
ছবি: সংগৃহীত
লেবাননের রাজধানী বৈরুতে এক ভয়াবহ বিমান হামলা চালিয়ে ইরানের চারজন কূটনীতিককে হত্যা করেছে ইসরায়েল। গত রবিবার (৮ মার্চ) দিবাগত রাতে বৈরুতের একটি হোটেলে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (১০ মার্চ) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক জরুরি চিঠিতে ইরাভানি জানান, বৈরুতের রামাদা হোটেলে ইচ্ছাকৃতভাবে এই ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় সেখানে অবস্থানরত ইরানের চারজন কূটনীতিক শহীদ হন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভোরের দিকে হোটেলের একটি নির্দিষ্ট কক্ষ লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যাতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে হামলার কথা স্বীকার করলেও তাদের দাবি ভিন্ন। আইডিএফ জানিয়েছে, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের শীর্ষ কমান্ডাররা।
তাদের দাবি অনুযায়ী, কুদস ফোর্সের লেবানন ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যারা ইরান ও হিজবুল্লাহর মধ্যে প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে আসছিলেন।
লেবাননের দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ৪৪৪ জন। যুদ্ধের ভয়াবহতায় এখন পর্যন্ত লেবাননের প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
কূটনীতিক হত্যার এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও চরম সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।







































