বুধবার । মার্চ ১১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে ঘরবাড়ি–আশপাশ পরিষ্কার রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর


PM ministry

প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহের শনিবার সংসদ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় বাসাবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এসব রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড়ের মাধ্যমে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই আগেভাগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

তিনি জানান, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশার জন্ম হয় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা বংশবিস্তার করতে পারে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ড্রেন, ডোবা ও নর্দমার মতো জায়গায় পানি জমতে না দেওয়া এবং সেগুলো পরিষ্কার রাখাই মশার প্রজনন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

প্রধানমন্ত্রী আরও বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা কিংবা বাসার ছাদে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাসার ভেতর ও বাইরে পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। আগামী ১৪ মার্চ থেকে শুরু হওয়া সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে।

প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো প্রাণঘাতী জ্বর থেকে জনগণ নিজেদের রক্ষা করতে পারবে। তিনি বলেন, “আমাদের জাতীয় স্বাস্থ্যনীতির মূল কথা হলো—প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।”

সবশেষে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোথাও যেন ময়লা পানি জমে না থাকে। নিজের বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রেখে এডিস মশাবাহিত রোগ থেকে নিজেদের ও অন্যদের সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি।