শুক্রবার । মার্চ ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ মার্চ ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
শেয়ার

১৪ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪৪৭ ফ্লাইট বাতিল


bangladesh-biman

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। গত দুই সপ্তাহে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের মোট ৪৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সবশেষ আজ শুক্রবার (১৩ মার্চ) একদিনেই বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেবিচক জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা শুরু হলে প্রথম দিনেই ২৩টি ফ্লাইট বাতিল হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে এই সংখ্যা বাড়তে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া ৪ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত গড়ে প্রতিদিন ৩০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে।

আজ বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এবং ফ্লাইদুবাইয়ের ৪টি করে ফ্লাইট রয়েছে। এছাড়াও এয়ার অ্যারাবিয়া ও গালফ এয়ারের ২টি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট বাতিলের এই বিশাল সংখ্যার বিপরীতে শুক্রবার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে অত্যন্ত স্বল্প পরিসরে মাত্র ৩৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে মাসকাটগামী ৩টি, কুয়েতগামী ১৫টি এবং সংযুক্ত আরব আমিরাতের ১৯টি ফ্লাইট রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ফ্লাইট বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এতে করে চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন হাজারো প্রবাসী কর্মী এবং মধ্যপ্রাচ্যগামী সাধারণ যাত্রীরা।