রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৫ মার্চ ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা, হাতে কাপড় নিয়ে শোরুম ত্যাগ


Arong-Rumin

রাজধানীর উত্তরা এলাকায় একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) রাতে তিনি উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ংয়ের একটি শোরুমে মায়ের জন্য কাপড় কিনতে যান। তবে কেনাকাটার পর শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা কয়েকটি কাপড় হাতে নিয়ে শোরুম থেকে বের হচ্ছেন।

এ ঘটনায় তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসে তিনি দাবি করেন, একজন সংসদ সদস্য হিসেবে ন্যূনতম সম্মান দেখানো উচিত ছিল এবং গ্রাহকদের কেনা পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগ না দেওয়াকে অস্বাভাবিক বলে উল্লেখ করেন। পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে বিকল্প ব্যবস্থাও থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ইফতারের পর তিনি উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে গিয়ে মায়ের জন্য চারটি ম্যাক্সি কেনেন। কাউন্টারে প্রায় সাড়ে চার হাজার টাকার বিল দেওয়ার পর তাকে কোনো ব্যাগ ছাড়া কাপড় দেওয়া হয়। পরে জানানো হয়, শপিং ব্যাগ নিতে হলে অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। বিষয়টি তাকে বিস্মিত করে এবং তিনি ক্ষোভ প্রকাশ করে কাপড় হাতে নিয়েই শোরুম থেকে বের হয়ে আসেন।

তিনি আরও বলেন, মায়ের পোশাকের মাপ আড়ংয়ের সঙ্গে মিলে যাওয়ায় সেখান থেকেই কাপড় কিনতে গিয়েছিলেন। অন্য দোকানে একই মাপ পাওয়া যায় না বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জানতে উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমের টেলিফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।