
তেহরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করা হচ্ছে
নিজেদের তৈরি ড্রোন দিয়ে হামলা চালিয়ে দায় চাপাচ্ছে ইরানের ওপর—যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক অভিযোগ এনেছে তেহরান। ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করা হয়েছে, তেহরানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করতে ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করা হচ্ছে, যা দেখতে হুবহু ইরানের বিখ্যাত ‘শাহেদ’ ড্রোনের মতো।
ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলার পরপরই পরিকল্পিতভাবে এর দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তেহরানের দাবি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সুসম্পর্ক নষ্ট করতেই এই ছদ্মবেশী ড্রোন ব্যবহারের কৌশল নিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব।
ইরানের অভিযোগ, তাদের সামরিক বাহিনীর বৈধ ও প্রতিরক্ষামূলক পদক্ষেপগুলোকে বিতর্কিত করতেই শাহেদ ড্রোনের আদলে এই নকল ড্রোন তৈরি করা হয়েছে। এই কৌশলের মাধ্যমে বিশ্ব দরবারে ইরানকে একটি আগ্রাসী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে তেহরান।






































