
দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
একযোগে সারা দেশে নদী-নালা ও খাল পুনখননের বিশাল কর্মযজ্ঞ শুরু করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে উত্তর জনপদে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে বাসে করে যাবেন কাহারোল উপজেলায়। সেখানে বলরামপুর সাহাপাড়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই একটি উদ্বোধনের মাধ্যমেই দেশজুড়ে শুরু হবে জলাধার খনন ও পুনখনন প্রকল্প।
রাষ্ট্রীয় কর্মসূচির পাশাপাশি এই সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একটি আবেগঘন মুহূর্ত রয়েছে। তিনি দিনাজপুরে তাঁর নানা-নানির কবর জিয়ারত করবেন। শেখ ফরিদপুর কবরস্থানে অবস্থিত সেই সমাধিগুলো জিয়ারতের জন্য ইতোমধ্যে কবরস্থান এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কবরস্থান সংশ্লিষ্টরা। জিয়ারত শেষে সার্কিট হাউস মাঠে ইফতার কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, এসএসএফ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পাশাপাশি ৩ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।






































