রবিবার । মার্চ ১৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ১৫ মার্চ ২০২৬, ৫:১০ অপরাহ্ন
শেয়ার

প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম


tanjid tamim

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার পর সাফল্যের দেখা পেলেন তানজিদ হাসান তামিম

দীর্ঘ আড়াই বছরের অপেক্ষা আর ৩১ ম্যাচের ধৈর্য—অবশেষে সাফল্যের দেখা পেলেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ আলো ছড়ালেন এই টাইগার ওপেনার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও অঘোষিত ফাইনাল ম্যাচে তাঁর এই অনবদ্য ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে।

ক্যারিয়ারে ৫টি ফিফটি থাকলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারটি ছোঁয়া হচ্ছিল না তানজিদ তামিমের। এর আগে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল ৮৪ রানের। আজ ৯৮ বলে ৭টি ছক্কা ও ৬টি চারের মারে সেই আক্ষেপ ঘুচিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ১০৩ বলে ১০৫ রানে অপরাজিত রয়েছেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে সাইফ হাসানের সঙ্গে শতরান যোগ করেন তানজিদ। ১৯তম ওভারে দলীয় ১০৫ রানে সাইফ (৩৬) বিদায় নিলে এই জুটি ভাঙে। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরও ৫৩ রান যোগ করেন তামিম। শান্ত ২৭ রান করে হারিস রউফের শিকার হন। বর্তমানে লিটন দাসকে (৮*) নিয়ে ইনিংস এগিয়ে নিচ্ছেন সেঞ্চুরিয়ান তামিম। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৮৫ রান।

তিন ম্যাচ সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে। ফলে আজকের ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। এই ম্যাচে জয় মানেই সিরিজ জয় এবং আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতির বড় সুযোগ। তানজিদ তামিমের ব্যাটে চড়ে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে টিম টাইগার।