রবিবার । মার্চ ১৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

মোজতবা খামেনি সুস্থ, পরিস্থিতি নিয়ন্ত্রণে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী


Abbas-Agharchi

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফাইল ছবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ আছেন এবং রাষ্ট্র পরিচালনার পরিস্থিতি তার নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আলজাদিদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন সর্বোচ্চ নেতা সুস্থ রয়েছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

গত ৮ মার্চ ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে। তবে ১২ মার্চ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম ভাষণ প্রচার করা হয়, যদিও সেটি একজন উপস্থাপক পড়ে শোনান।

সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি বলেন, চলমান যুদ্ধের ন্যায্য সমাপ্তি ঘটাতে পারে—এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে ইরান স্বাগত জানাবে। তবে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজের জন্য তা বন্ধ থাকবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো নির্দিষ্ট উদ্যোগ আলোচনার টেবিলে নেই।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, “তিনি আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।”

তবে একই সঙ্গে খামেনির মৃত্যুর খবরকে গুজব বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যদি মোজতবা খামেনি জীবিত থাকেন, তাহলে দেশের স্বার্থে তাকে ‘বুদ্ধিমানের সিদ্ধান্ত’ নিতে হবে।