রবিবার । মার্চ ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৫ মার্চ ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
শেয়ার

ক্ষেপণাস্ত্র প্রতিরোধক কমে আসছে ইসরায়েলের


Air defence

চলমান যুদ্ধের প্রথম দিকেই ওয়াশিংটন প্রায় ২.৪ বিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করেছে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধক (ইন্টারসেপ্টর) দ্রুত ফুরিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমন তথ্য গণমাধ্যমে উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমান সংঘাতে প্রবেশ করার আগেই অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। গত বছর ইরানের সঙ্গে সংঘর্ষের সময় বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে হয়েছিল। এরপর থেকে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার মিউনিশনও যুক্ত করেছে, যা প্রতিরোধ করা আরও জটিল করে তুলছে এবং ইসরায়েলের মজুত দ্রুত শেষ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়াচ্ছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সমস্যার বিষয়ে ওয়াশিংটন কয়েক মাস ধরেই অবগত। এক মার্কিন কর্মকর্তা বলেন, ‌‘এটি এমন কিছু, যা আমরা আগে থেকেই অনুমান করেছিলাম।’

তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নিজে এমন কোনো ঘাটতির মুখে পড়েনি এবং তাদের কাছে উল্লেখযোগ্য পরিমাণ ইন্টারসেপ্টর মজুত রয়েছে। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে পারে—এমন উদ্বেগের মধ্যেই এই মন্তব্য এসেছে।

এখনো স্পষ্ট নয়, ওয়াশিংটন ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না। এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্যাকেজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সরবরাহ করা হলে তা মার্কিন মজুতের ওপরও চাপ সৃষ্টি করতে পারে।

মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমাদের ঘাঁটি, আমাদের সদস্য এবং এই অঞ্চলে আমাদের স্বার্থ রক্ষার জন্য যা প্রয়োজন, সবই আমাদের কাছে রয়েছে।’ তিনি আরও জানান, ইসরায়েল তাদের ঘাটতি মোকাবিলায় সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে গোলাবারুদের প্রায় সীমাহীন মজুত রয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গত বছরের জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র ১৫০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল বলে জানা গিয়েছিল। সে সময় এটি যুক্তরাষ্ট্রের মোট মজুতের প্রায় এক-চতুর্থাংশ ছিল। এছাড়া চলমান যুদ্ধের প্রথম দিকেই ওয়াশিংটন প্রায় ২.৪ বিলিয়ন ডলার মূল্যের ইন্টারসেপ্টর ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিডল ইস্ট আই