
নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য
চলতি সপ্তাহের শুরুতে ইরাকের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি সরবরাহকারী মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ছয়জন ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করেছে পেন্টাগন।
গতকাল শনিবার এক বিবৃতিতে পেন্টাগন দাবি করেছে, দুর্ঘটনাটি শত্রুপক্ষের হামলার কারণে ঘটেনি।
তবে ইরাকের ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দাবি করেছে, তারা একটি কেসি-১৩৫ মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান ভূপাতিত করেছে। তাদের দাবি, একই অভিযানে তারা আরেকটি বিমানকেও লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তবে সেটি শেষ পর্যন্ত পালিয়ে যেতে সক্ষম হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুর্ঘটনায় নিহত ছয়জন ক্রু সদস্য হলেন- আলাবামা অঙ্গরাজ্যের অবার্নের বাসিন্দা জন ক্লিনার (৩৩), ওয়াশিংটন অঙ্গরাজ্যের কোভিংটনের বাসিন্দা আরিয়ানা সাভিনো (৩১), কেন্টাকির বার্ডসটাউনের বাসিন্দা অ্যাশলি প্রুইট (৩৪), ইন্ডিয়ানার মুরসভিলের বাসিন্দা সেথ কোভাল (৩৮), ওহাইও অঙ্গরাজ্যের উইলমিংটনের বাসিন্দা কার্টিস অ্যাংস্ট (৩০) এবং ওহাইওর কলম্বাসের বাসিন্দা টাইলার সিমন্স (২৮ )।
নিহতদের মধ্যে তিনজন মার্কিন বিমানবাহিনীর এবং বাকি তিনজন মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য।







































