রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২২ মার্চ ২০২৬, ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার

ফেনীতে সাতসকালে ঝরল ৩ প্রাণ


Feni-District

ফাইল ছবি

ভোরের আলো ফোটার আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষে সাতসকালেই ঝরে গেল ৩টি তাজা প্রাণ।

রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯) নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন বাসের সুপারভাইজার এবং অন্যজন যাত্রী ছিলেন। তাদের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী-রামপুর এলাকায় একটি লেনে ব্রিজের সংস্কার কাজ চলায় যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি ছিল। ব্রিজের আগের স্পিড ব্রেকারে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এ নিয়ে চালকদের মধ্যে কথা কাটাকাটি চলাকালে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু যানবাহনের জট লেগে যায়। ঠিক সেই মুহূর্তে বেপরোয়া গতিতে আসা ‘দোয়েল পরিবহন’-এর একটি বাস জটলার মধ্যে সজোরে ধাক্কা দিলে এই ত্রিমুখী সংঘর্ষের সৃষ্টি হয়।

ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রুবাইয়াত বিন করিম জানান, ভোরে দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত চারজনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজন বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।