রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২২ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শেয়ার

ঈদের দ্বিতীয় দিনে শান্ত ঢাকা, নেই চিরচেনা যানজট ও কোলাহল


dhaka

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা এক অভূতপূর্ব শান্ত ও অবসাদগ্রস্ত রূপ ধারণ করেছে। নিত্যদিনের চিরচেনা যানজট, হট্টগোল আর ধুলোবালুর ব্যস্ত শহরটি এখন অনেকটাই জনমানবহীন ও নীরব।

রোববার (২২ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, চিরচেনা সেই কর্মব্যস্ততার বদলে চারদিকে বিরাজ করছে এক অদ্ভুত নিস্তব্ধতা।

রাজধানীর পাড়া-মহল্লায় নেই মানুষের চিরাচরিত কোলাহল। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ঝুলছে তালা। নেই অফিসের তাড়া কিংবা গণপরিবহনের জন্য যাত্রীদের দীর্ঘ প্রতীক্ষা।

রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, রামপুরা, বাড্ডা, মালিবাগ, শাহবাগ ও মিরপুরের মতো সব সময় ব্যস্ত থাকা এলাকাগুলো এখন প্রায় ফাঁকা। রাস্তাঘাটে দু-একটি রিকশা বা ব্যক্তিগত গাড়ি ছাড়া ভারী যানবাহনের চলাচল নেই বললেই চলে।

মোহাম্মদপুর এলাকার দোকানদার রুবেল মিয়া জানান, ঈদের দিন রাস্তায় কিছু মানুষের আনাগোনা থাকলেও আজ সকাল থেকে চিত্রটি পুরোপুরি বদলে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা ঢাকায় ঈদ করছেন, তারা মূলত ঘরোয়া পরিবেশে সময় কাটাতেই পছন্দ করছেন।

এদিকে যাত্রী সংকটে পড়েছেন গণপরিবহন ও অটোরিকশা চালকরা। ফার্মগেটে অটোরিকশাচালক হাসান আলী বলেন, ‘ঈদের দিন রাস্তায় অনেক মানুষ চলাচল করছিল, কিন্তু আজকে যাত্রী পাওয়াই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ভাড়া কিছুটা কম পেলেও নিয়ে যাচ্ছি, তবুও কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিনোদনকেন্দ্রমুখী মানুষের সংখ্যা কিছুটা বাড়তে পারে।’

ব্যস্ততম এই নগরীর এমন শান্ত রূপ যেন নগরবাসীকে কয়েক দিনের জন্য হলেও এক পশলা স্বস্তি এনে দিয়েছে।