
ফাইল ছবি
পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সোমবার (২৩ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যাত্রা শুরু করেন। লন্ডন হয়ে পরবর্তীতে তার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশ বিমানের বিজি-২০১ নম্বর ফ্লাইটে করে ঢাকা ত্যাগ করেন। এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করেন তিনি।
ডা. জুবাইদা রহমানের এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
জানা গেছে, লন্ডন সফর শেষে ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তার আগে থেকেই নির্ধারিত একটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সপরিবারে দেশে ঈদ কাটানোর পর আজ তার এই বিদেশ যাত্রা অনুষ্ঠিত হলো।

















































