
ছবি: সংগৃহীত
সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট এই সংবাদ সংস্থাটি জানায়, ড্রোন হামলার পরপরই ওই সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও কাতারভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় এই বিমান ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে মার্কিন সেনাদের বড় একটি উপস্থিতি রয়েছে।
এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যের পূর্বাঞ্চলে ধেয়ে আসা দুটি ড্রোন সময়মতো শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলটিতে সৌদি আরবের বেশ কিছু গুরুত্বপূর্ণ তেল স্থাপনা রয়েছে। ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান ক্রমাগত এই কৌশলগত অঞ্চলটিকে লক্ষ্যবস্তু করে আসছে।
হামলার পর ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যদিও এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, সে বিষয়ে ওয়াশিংটন বা রিয়াদের পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার এই খবর বিশ্বব্যাপী নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।





































