
সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তেল সরবরাহ করা হবে
বিপিসির বিভিন্ন কোম্পানির ডিপো থেকে জ্বালানি তেল পেট্রোল পাম্পে সরবরাহের সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তেল সরবরাহ করা হবে, যা আগের সময়ের তুলনায় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট সংকট মোকাবিলা এবং সারাদেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিপিসি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, প্রধান স্থাপনা বা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম সকাল ৭টায় শুরু হবে এবং বিকেল ৩টায় শেষ হবে। বিপিসির অধীনে থাকা সব বিপণন কোম্পানির ডিপোগুলোকে এই নতুন সময়সূচি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, জ্বালানি তেলের সরবরাহ ও ব্যবস্থাপনা কার্যক্রম আরও কঠোরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি এই ট্যাগ অফিসারদের নিয়োগ দেবে, যারা পাম্পগুলোতে জ্বালানি তেল ঠিকমতো সরবরাহ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবেন।












































