
আন্তর্জাতিক বাজারে পেট্রোল রপ্তানি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার মধ্যে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী ১ এপ্রিল থেকে আন্তর্জাতিক বাজারে পেট্রোল রপ্তানি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার এক সরকারি বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
মূলত দেশীয় বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়, যা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক বাজারে রাশিয়ার জ্বালানির ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও দেশের অভ্যন্তরীণ সংকট এড়াতে এই কৌশল নিয়েছে ক্রেমলিন।
বর্তমানে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তজনা এবং হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে বিশ্বজুড়ে তেলের পরিবহন ব্যয় ও দাম দুটোই ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে দেশীয় চাহিদা মেটাতে রাশিয়ার রিফাইনারিগুলো সর্বোচ্চ সক্ষমতায় কাজ করছে এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে প্রভাব পড়তে পারে।






































