
ভারতের সঙ্গে দুর্দান্ত খেলেই ড্র করেছে বাংলাদেশ। ছবি: বাফুফে
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত লড়াই করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ চারে জায়গা করে নিয়েছে লাল-সবুজের তরুণরা। ভারতের হয়ে বিশাল যাদব গোল করলেও প্রথমার্ধেই সমতা ফেরান বাংলাদেশের মোহাম্মদ আব্দুল রিয়াদ।
গ্রুপ পর্বে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। অন্যদিকে ভারত মুখোমুখি হবে ভুটানের।
ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। সেই সুযোগে ম্যাচের ১৭তম মিনিটে কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণভাগকে ব্যস্ত করে তোলে রিয়াদ-রোনানরা।
সাফল্য আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ রোনান সুলিভানের নেওয়া নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ আব্দুল রিয়াদ। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে লড়লেও জালের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন রোনান সুলিভান। আজ তার অ্যাসিস্ট থেকেই আসে মহামূল্যবান সেই গোল, যা বাংলাদেশকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছে।











































