সোমবার । মার্চ ৩০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ২৯ মার্চ ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২


dinajpur-accident

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী স্লিপার কোচের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের আরও অন্তত ছয়জন যাত্রী আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবু (বাসের যাত্রী)। নিহত অন্যজন বাসের চালকের সহকারী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘হেরিটেজ স্লিপার কোচ’ নামের যাত্রীবাহী বাসটি সকালে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে চন্ডিপুর এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় পুরোপুরি শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।