
বিশ্বখ্যাত চকোলেট ব্র্যান্ড কিটক্যাটের এক বিশাল চালান রহস্যজনকভাবে চুরি
বিশ্বখ্যাত চকোলেট ব্র্যান্ড কিটক্যাটের এক বিশাল চালান রহস্যজনকভাবে চুরির ঘটনা ঘটেছে। সুইজারল্যান্ডের খাদ্যপণ্য উৎপাদনকারী জায়ান্ট কোম্পানি ‘নেসলে’ নিশ্চিত করেছে যে, প্রায় ১২ টন ওজনের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি কিটক্যাট বারসহ একটি ট্রাক নিখোঁজ হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বিশাল এই চকোলেটের চালান নিয়ে ট্রাকটি মধ্য ইতালির কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পথিমধ্যেই এটি উধাও হয়ে যায়। শনিবার দুপুর পর্যন্ত ট্রাক বা মালামাল—কোনোটিরই হদিস পায়নি কর্তৃপক্ষ। ঠিক কোন স্থান থেকে ট্রাকটি নিখোঁজ হয়েছে, নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করেনি নেসলে।
কিটক্যাটের বিখ্যাত বিজ্ঞাপন স্লোগান ‘হ্যাভ এ ব্রেক’ (একটু বিরতি নিন)-এর দিকে ইঙ্গিত করে নেসলের এক মুখপাত্র রসিকতা করে বলেন,‘আমরা মানুষকে কিটক্যাট দিয়ে বিরতি নিতে উৎসাহিত করি কিন্তু চোরেরা এই বার্তাটিকে একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং ১২ টন চকোলেট নিয়ে চম্পট দিয়েছে!’
তবে রসিকতার আড়ালে বড় উদ্বেগের কথা জানিয়েছে কোম্পানিটি। এই চুরির ফলে ইউরোপের কিছু দেশের সুপারমার্কেটে কিটক্যাটের নতুন রেঞ্জের সংকট দেখা দিতে পারে।
চুরি হওয়া এই চকোলেটগুলো অবৈধ বাজারে বিক্রি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে নেসলে জানিয়েছে, প্রতিটি প্যাকেটে থাকা অনন্য ‘ব্যাচ কোড’ স্ক্যান করে এই পণ্যগুলো শনাক্ত করা সম্ভব। যদি কোনো অনানুষ্ঠানিক চ্যানেলে এই কোড স্ক্যান করা হয়, তবে স্বয়ংক্রিয়ভাবে কিটক্যাট কর্তৃপক্ষকে সতর্ক করার নির্দেশনা দেওয়া আছে।
নেসলে এই ঘটনার মাধ্যমে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ‘কার্গো চুরি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কোম্পানিটির মতে, কার্গো চুরি বর্তমানে সব ধরনের ব্যবসার জন্যই একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।











































