মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৩১ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার

রাহুলের মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণ ও সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবি


Rahul

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টলিউড

ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে উত্তাল টলিউড। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিংয়ে ঘটা এই ঘটনাকে স্রেফ দুর্ঘটনা মানতে নারাজ অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এটি প্রযোজনা সংস্থার চরম গাফিলতি এবং একে ‘কাঠামোগত ব্যর্থতা’ বা পরোক্ষ ‘খুন’ হিসেবে দেখছেন তারা।

সংগঠনটি দাবি তুলেছে, রাহুলের পরিবারকে অনতিবিলম্বে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষকেই বহন করতে হবে। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করার দাবিও জানানো হয়েছে।

শ্রমিক সংগঠনের অভিযোগ, খরচ কমানোর জন্য প্রায়ই শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তার সাথে আপস করা হয়। সে কারণেই সংশ্লিষ্ট প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং চ্যানেলকে ‘কালো তালিকাভুক্ত’ বা ব্ল্যাকলিস্ট করার দাবি তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সংগঠনের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।

তাদের ভাষ্যমতে, শুটিং সেটে অসংগতি এবং নিরাপত্তার অভাবের কারণে প্রায় প্রতিবছরই ভারতে অনেক টেকনিশিয়ান ও শিল্পী প্রাণ হারান, যা পরে ধামাচাপা দেওয়া হয়। রাহুলের ক্ষেত্রে যেন তেমনটা না হয়, সেই দাবিই এখন জোরালো হচ্ছে।