
কাতার উপকূলে তেলবাহী ট্যাংকার জাহাজে ইরানের মিসাইল হামলা
কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে ইরান থেকে ছোড়া মিসাইল আঘাত হেনেছে। বুধবার (০১ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে সকালে তিনটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়। এর মধ্যে দুটি মিসাইল প্রতিহত করতে সক্ষম হয় তাদের সেনাবাহিনী, তবে একটি মিসাইল তেলের ট্যাংকারে আঘাত হানে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
হামলার শিকার ট্যাংকারটি সরকারি প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল। হামলার সময় জাহাজটিতে ২১ জন ক্রু ছিলেন, যাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পরবর্তীতে কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, তাদের অ্যাকুয়া ১ অপরিশোধিত তেলবাহী ট্যাংকারটি কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় মিসাইল হামলার শিকার হয়। তবে এতে কোনো ক্রু আহত হননি এবং পরিবেশের ওপরও কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ জাহাজ থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়েনি।
অন্যদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে, যা সরাসরি দেশটির মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হেনেছে।
বুধবার ছোড়া মিসাইলের একটি বোমা বেনি ব্রাকের একটি বাড়িতে আঘাত করে। এতে অন্তত তিনজন আহত হন। পরে আরও হামলার ঘটনায় মোট ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মিসাইল নিক্ষেপের পর মধ্যাঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কয়েকটি স্থানে আঘাত হানার খবর পাওয়া যায়। উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে এক বালিকার অবস্থা গুরুতর এবং আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১১ জন সামান্য আহত হয়েছেন।








































