বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২ এপ্রিল ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিসহ ৩৫ অভিবাসী আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে ৫ জন বাংলাদেশিসহ মোট ৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জোহর রাজ্যের সেনাই ও কুলাই এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহদ রুসদি মোহদ দারুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘অপস সেলেরা’, ‘অপস কুটিপ’, ‘অপস বেলাঞ্জা’ এবং ‘অপস সাপু’ নামে একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট শাখার পাশাপাশি সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থাও এই অভিযানে অংশ নেয়। মূলত মুদি দোকান, কার্পেটের দোকান এবং বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই চিরুনি অভিযান চালানো হয়।

আটক ৩৫ জনের মধ্যে ১৯ থেকে ৫২ বছর বয়সী বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি পুরুষ, ৭ জন ইন্দোনেশিয়ান পুরুষ ও ৭ জন নারী, ৬ জন মিয়ানমারের পুরুষ ও ৪ জন নারী, ৪ জন পাকিস্তানি এবং ২ জন নেপালি নাগরিক রয়েছেন।

জোহর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। বর্তমানে তাদের অধিকতর তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য জোহর বাহরুর সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।