
সরকার পরিবর্তন ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার সম্ভাবনাকে ইসরায়েলি নেতৃত্ব ‘অত্যন্ত সমস্যাজনক’ হিসেবে দেখছে
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার কোনো স্পষ্ট কৌশল নির্ধারণ করতে পারেনি ইসরায়েল। পাশাপাশি তারা লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে—এমন মন্তব্য করেছেন জাফাভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক আবেদ আবউ সাদেহ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার পরিবর্তন ছাড়া ইরানের সঙ্গে যুদ্ধের ইতি টানার সম্ভাবনাকে ইসরায়েলি নেতৃত্ব ‘অত্যন্ত সমস্যাজনক’ হিসেবে দেখছে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকার পরিবর্তন ছাড়াই সমাধান মেনে নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘ চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলে নির্বাচন রয়েছে। বর্তমান সরকার নির্বাচনে জিততে চায়। কিন্তু বাস্তবে আমরা যা দেখছি, তা হলো—ইরান ইস্যুতে তাদের কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই, অথচ যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে আগ্রহী।’
বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধ জনপ্রিয় নয় এবং এটি অর্থনৈতিক চাপও তৈরি করছে। ফলে ওয়াশিংটন যুদ্ধবিরতির জন্য চাপ দিতে পারে—এ বিষয়টি ইসরায়েলি নেতারা ভালোভাবেই জানেন।
তবে ইরান ইস্যুতে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে সামরিক কার্যক্রম চালিয়ে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।








































