বৃহস্পতিবার । এপ্রিল ২, ২০২৬
মাল্টিমিডিয়া ডেস্ক বিজনেস ২ এপ্রিল ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার

বিকল্প পথে সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন জ্বালানি তেল


oil-ship

তেলবাহী জাহাজ। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি ঘিরে সৃষ্ট জটিলতায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে অনিশ্চয়তার কারণে বাংলাদেশেও তেলের সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরব থেকে ১ লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) আমদানি করছে বাংলাদেশ।

জানা গেছে, ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে তেলবাহী একটি ট্যাংকার আগামী ২০ এপ্রিল লোড করা হবে। লোহিত সাগর হয়ে সরাসরি এই তেল চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি-তে পৌঁছাবে। হরমুজ প্রণালির বাইরে হওয়ায় এই রুটে সামরিক বা রাজনৈতিক বাধার ঝুঁকি তুলনামূলক কম।

এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এখনো আটকা পড়ে আছে। জাহাজটি বর্তমানে রাস তানুরা বন্দর এলাকায় অবস্থান করলেও ইরানের বিশেষ অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না। যদিও সম্প্রতি ইরান বাংলাদেশি কয়েকটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) জানিয়েছে, নতুন করে আনা এই ১ লাখ টন তেল দ্রুত দেশে পৌঁছানোর আশা করা হচ্ছে। পাশাপাশি আটকে থাকা জাহাজটির অনুমতি পেতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, এই তেল পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও কেরোসিনসহ বিভিন্ন জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে, যা দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে।

বিএসসি আরও জানায়, চলতি বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি ও এলএনজিসহ বিভিন্ন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে অন্তত ৩৩টি জাহাজ এসেছে।