শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ এপ্রিল ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেওয়া হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী


Forhad-Hossain-Azad

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দেশের কৃষির প্রাণ—পাট, ধান ও ভুট্টা চাষাবাদের স্বার্থে নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে, তেলের দামও বেড়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকার দাম বাড়ায়নি। আমরা চেষ্টা করছি যেন চাষিরা বিনা বিঘ্নে ডিজেল ও বিদ্যুৎ পায়। তবে গরমের এই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে—এ ব্যাপারে সবাইকে কঠোরভাবে সজাগ থাকতে হবে।”

তিনি স্থানীয় প্রশাসনকে জ্বালানি তেলের বাজার নিয়মিত কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেন।

নদী ভাঙন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ফরিদপুরে ভবিষ্যতে আরও শক্তিশালী প্রকল্প হাতে নেওয়া হবে, যাতে নদী ভাঙনে মানুষের ঘরবাড়ি ও সম্পদ আর ক্ষতিগ্রস্ত না হয়। একই সঙ্গে তিনি সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।