
বিএনপি শিগগিরই জাতীয় কাউন্সিল আয়োজনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করতে চায়। শনিবার রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, দলকে দ্রুত কাউন্সিলের দিকে এগিয়ে নিতে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে কাউন্সিল অনুষ্ঠানের জন্য কমপক্ষে কয়েক মাস সময় লাগবে বলে জানান তিনি। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল হয়েছিল ২০১৬ সালের ১৯ মার্চ।
শনিবার রাত ৮টা ৪০ মিনিটে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়ে আড়াই ঘণ্টা চলে। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম ও কাউন্সিল আয়োজনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকার ক্ষমতায় আসার পর গত ৪৭ দিনের কর্মসূচি সম্পর্কেও সদস্যদের মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, জাহিদ হোসেন এবং ভার্চুয়ালি নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।
এর আগে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল ৯ জানুয়ারি।










































