রবিবার । এপ্রিল ৫, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৫ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শেয়ার

ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের


ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

খবর এনডিটিভি

ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লিখেছেন, ‘আমরা তাকে পেয়েছি! আমার প্রিয় আমেরিকান ভাইয়েরা, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতিহাসের অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে আমাদের একজন অসাধারণ ক্রু সদস্য অফিসারের জন্য, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেলও বটে, এবং আমি আপনাদের জানাতে পেরে রোমাঞ্চিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!’

গত শুক্রবার ইরান একটি যুক্তরাষ্ট্রের এফ-১৫ই স্ট্রাইক ঈগল বিমান ভূপাতিত করেছে। এটিতে একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনা কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হলেও, অন্যজন নিখোঁজ ছিলেন।

আল জাজিরা জানিয়েছে, উদ্ধার ওই পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি। চলমান সংঘাতের কারণে এখনো তিনি ইরানের ভূখণ্ড ছাড়েননি, কারন এতে পাইলট ও উদ্ধারকাজে জড়িত অন্যদের জন্য বিপদের আশঙ্কা রয়েছে।

এদিকে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানে ‘নরক নেমে আসবে’ বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই আলটিমেটাম দেন। তিনি লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় ফুরিয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা—এরপরই তাদের ওপর নেমে আসবে ভয়াবহ পরিণতি ও চরম ধ্বংসযজ্ঞ।’

পালটা জবাবে ট্রাম্পের দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামকে সরাসরি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির সতর্কবার্তা দিয়েছে ইরান।

ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে তীব্র ভাষায় নাকচ করে। সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুমকি ‘অসহায়, দিশেহারা ও বিবেচনাহীন আচরণের’ প্রতিফলন।