সোমবার । এপ্রিল ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৬ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শেয়ার

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়তে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী


PM ministry

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার ইতোমধ্যে একটি মানবিক ও সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। শহর থেকে গ্রাম—সবখানে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার ৮০ শতাংশই নারী হবেন।

সোমবার (৬ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন।

এই বছরের প্রতিপাদ্য “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রসঙ্গে তিনি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশ একে–অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা অনুযায়ী, সব প্রাণ ও প্রকৃতির সুস্বাস্থ্য রক্ষা সবার জন্য জরুরি। এই লক্ষ্যে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানের সমন্বিত গবেষণা এবং প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং (এমএল), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) এবং অগমেন্টেড রিয়েলিটির (এআর) মতো প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।

তিনি উল্লেখ করেন, দ্রুত রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা প্রদানে এই প্রযুক্তিগুলোর উদ্ভাবন ও প্রসারকে উৎসাহিত করবে সরকার।

তারেক রহমান বলেন, বাংলাদেশে ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ নীতিতে বিশ্বাসী সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ লক্ষ্য বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

প্রতিটি নাগরিকের জন্য ই–হেলথ কার্ড, দীর্ঘমেয়াদি রোগের দ্রুত চিকিৎসায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা, স্বাস্থ্যবীমা চালু, চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণ এবং চিকিৎসা শিক্ষা–গবেষণা উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

এসব লক্ষ্য বাস্তবায়নে পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সম্মিলিত দায়িত্ববোধ, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি সুস্থ, সবল ও উন্নত জাতি গঠন সম্ভব। বিশ্ব স্বাস্থ্য দিবস–২০২৬ উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে কর্মসূচির সফলতা কামনা করেন।