বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে ভোট আজ


United-Nations

ফাইল ছবি

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালিকে ঘিরে চলমান চরম উত্তেজনার মধ্যে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, যা সাম্প্রতিক সংঘাতের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রস্তাবটি শুরুতে অত্যন্ত কঠোর ছিল। তবে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাধারী দেশ চীনের জোরালো আপত্তির মুখে এতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে, প্রাথমিক খসড়া থেকে ‘বলপ্রয়োগের অনুমোদন’ সংক্রান্ত অংশটি বাদ দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিবর্তে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ‘প্রতিরক্ষামূলক সমন্বয়’ এর আহ্বান রাখা হয়েছে। চীনের আপত্তিতে প্রস্তাবটি কিছুটা দুর্বল হলেও এতে সদস্য দেশগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন কূটনীতিকরা।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলমান এই সংঘাতের জেরে তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখলে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দেয় এবং হু হু করে দাম বাড়তে থাকে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিয়ন্ত্রণ সরাসরি বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রের প্রবল চাপ সত্ত্বেও ইরান এখনো প্রণালিটি পুরোপুরি খুলে দিতে কোনো আগ্রহ দেখাচ্ছে না। দেশটির স্পষ্ট অবস্থান হলো—অস্থায়ী কোনো সমাধান নয়, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান না হলে তারা এই গুরুত্বপূর্ণ জলপথের অবরোধ তুলে নেবে না। ইরান বারবার স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর নিজস্ব কৌশলগত ও রাজনৈতিক অবস্থানের কারণে ভোটাভুটির চূড়ান্ত ফলাফল নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিশ্লেষকদের মতে, প্রস্তাবের ভাষা নরম করায় এটি পাস হওয়ার পথ কিছুটা সুগম হলেও শেষ মুহূর্তে বড় দেশগুলোর অবস্থান কী হয়, তা-ই এখন দেখার বিষয়।