বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বিজনেস ডেস্ক বিজনেস ৭ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার


remittance

ফাইল ছবি

চলতি এপ্রিল মাসের প্রথম ৬ দিনেই দেশে ৬৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ডলার করে রেমিট্যান্স দেশে এসেছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫১ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, বছরের ব্যবধানে রেমিট্যান্স আসার গতি উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে একক কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড।

এছাড়া বছরের শুরু থেকেই এই ধারা ঊর্ধ্বমুখী রয়েছে; গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে যথাক্রমে ৩১৭ কোটি ৯ লাখ এবং ৩০২ কোটি ৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর উৎসাহ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন।