বুধবার । এপ্রিল ৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ এপ্রিল ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
শেয়ার

বিমানের নতুন এমডি সোহেল আহমেদ; ডিএমডি সৈয়দ মইন উদ্দিন


biman-bangladesh-airlines

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদ ও সৈয়দ মইন উদ্দিন উভয়কেই অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তারা বিমানে এই চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্তাবলী পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থেই এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিমানের উপ-ব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) পদটি গত কয়েক বছর ধরে শূন্য ছিল। নবনিযুক্ত ডিএমডি সৈয়দ মইন উদ্দিন এর আগে ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাকালীন স্বেচ্ছায় অবসর গ্রহণ করে দীর্ঘ সময় লন্ডনে অবস্থান করেছিলেন।

রাষ্ট্রীয় এই এয়ারলাইন্সের কার্যক্রমে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে অভিজ্ঞ এই দুই কর্মকর্তাকে শীর্ষ নেতৃত্বে নিয়ে আসা হলো।