
প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে চলতি অর্থবছরেই দুই লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষে সরকার ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমটি পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় সম্প্রসারিত করা হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।
এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল কার্যক্রম নতুন করে চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং ১ হাজার ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ইউনিক ডিজিটাল পরিচয়পত্র বা ‘এডু-আইডি’ প্রদান করা হবে।
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে তিনি জানান, সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং জেলাগুলোতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।
প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হবে।
এর পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), সাইবার সিকিউরিটি, পাইথন প্রোগ্রামিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো সমসাময়িক বিষয়ে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই বহুমুখী পদক্ষেপের মাধ্যমে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম ও প্রযুক্তিনির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।








































