
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার ঠিক আগমুহূর্তে যুদ্ধবিরতির শর্ত নিয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনরায় স্পষ্ট করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, তেহরান এমন কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না, যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে নতুন করে হামলার সুযোগ করে দেয়। খবর আলজাজিরার।
তেহরানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে রাভানচি বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ইরান যে ১০ দফা পরিকল্পনা প্রস্তাব করেছিল, তাতে প্রাথমিকভাবে সম্মতি পাওয়া গেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সব সময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, কিন্তু তা যেন কোনোভাবেই ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত না হয়। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ভবিষ্যৎ সামরিক আগ্রাসনের পথ তৈরি হতে দেওয়া হবে না।
ইরানি এই কূটনীতিক আরও জানান, যুদ্ধবিরতির নামে আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। যথাযথ নিশ্চয়তা ও স্বচ্ছতা ছাড়া এই ধরনের কোনো চুক্তি বা পরিস্থিতি ইরান আর মেনে নেবে না বলে তাদের মিত্রদেরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে ঘিরে বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল ও একই সঙ্গে উদ্বেগ বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে, এখন সেটিই দেখার বিষয়।





































