
ছবি: সংগৃহীত
সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ২ শিশু। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন শিশু। এ ছাড়া আরও ১৪৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, যা সন্দেহজনক মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
একই সময়ে সারা দেশে ১৮ হাজার ৮৭৪ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত এবং বাকি ১৪ হাজার ৩৮৫ জন সন্দেহভাজন রোগী।

প্রতিবেদনে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ। এখন পর্যন্ত ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহভাজন আক্রান্ত শিশুর সংখ্যা ৭ হাজার ৪৭৮ জন। অন্যদিকে রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৯ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই প্রাদুর্ভাব রুখতে শিশুদের সঠিক সময়ে টিকা দেওয়া এবং দ্রুত চিকিৎসার বিকল্প নেই। অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দ্রুত সংক্রমণ রোধে টিকাদান কর্মসূচি জোরদারের ওপরও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।










































