
ছবি: সংগৃহীত
রাজধানীর নাট্যপাড়ায় সপরিবারে হাজির হয়ে শিশুতোষ নাটক উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের একটি থিয়েটারে মঞ্চস্থ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যস্ত সময়সূচির মধ্যেও সময় বের করে তিনি তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে নাটকটি দেখতে যান। সাধারণ দর্শকদের সাথেই গ্যালারিতে বসে তারা মঞ্চনাটকটি উপভোগ করেন।
সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি প্রধানমন্ত্রীর এটিই প্রথম অংশগ্রহণ নয়। এর আগে গত ৩ এপ্রিল তিনি কন্যা জাইমা রহমানকে নিয়ে ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে একটি চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন। শিল্প-সংস্কৃতির প্রতি সরকারপ্রধানের এমন নিয়মিত উপস্থিতি দেশের সাংস্কৃতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা।

নাটক সংশ্লিষ্টরা বলছেন, খোদ প্রধানমন্ত্রী যখন সপরিবারে থিয়েটারে আসেন, তখন তা সাধারণ মানুষকে সুস্থ বিনোদনের ধারায় উৎসাহিত করে। এটি দেশের শিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা এবং সাংস্কৃতিক জাগরণে এক শক্তিশালী বার্তা।








































